নভেম্বর ২৪, ২০২২, ০২:৩৩ পিএম
আবারও আলোচনায় উঠে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন। ভক্তের তুমুল আগ্রহ ছিল শাকিব খানের দাম্পত্য জীবনের খবর জানার। সেই খবর দিলেন এই চিত্রনায়ক। জানালেন, বৈবাহিক জীবনে তিনি অপুর পরে বুবলীর সাথেও সংসার করছেন না। বুবলিকে ডায়মন্ডের নাকফুল দেওয়া বা উইশ করা কোনোটাই হয়নি বলেও জানান শাকিব খান।

দেশের প্রথমসারির একটি সংবাদমাধ্যমে বুবলীর সাথে সংসার নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। পরিস্কার করে তিনি বলেছেন,নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।

দুই স্ত্রী অপু ও বুবলি প্রসঙ্গে শাকিব খান আরো বলেন, ‘চলচ্চিত্র অঙ্গনে আমার অগ্রজ একজন জনপ্রিয় নায়ক, আমার প্রথম সংসারের সময়ই বলেছিলেন, আমাদের দেশে এ অঙ্গনের দুজনের মধ্যে সংসার করাটা বেশ ডিফিকাল্ট। তারপরও একটা কথা বলতে চাই, মানুষ সম্পর্ক করে সম্পর্কটা টিকিয়ে রাখতে। সংসার ভাঙার জন্য কেউই সম্পর্ক করে না। আমিও তেমনটাই ভেবে করেছি। কিন্তু সম্পর্কটা করতে গিয়ে একটা সময় দেখলাম, তা আর হেলদি জায়গায় নেই। চেষ্টা করেছিলাম, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। তারপর মনে হলো, আনহেলদি কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এমনকি আমার মনে হয়, মা-বাবার আনহেলদি সম্পর্কের মাঝখানে সন্তান বেড়ে ওঠার চেয়ে আলাদা করে বেড়ে ওঠাটাই তুলনামূলকভাবে অনেক ভালো।

নিজের প্রথম সন্তান আব্রাম প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আব্রাম খান জয়ের বাবা যেমন আমি শাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ের বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝেমধ্যে, সেখানেও দেখা হয় আমাদের।’
ছোট ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গেও শাকিব বলেন, ‘শেহজাদ খান বীরের সঙ্গেও আমার দেখা হবে। সে আমার সঙ্গে থাকবে। এখন সে অনেক ছোট, তাই আলাদা করে আমার কাছে রাখতে পারি না, তবে শিগগিরই তারও আসা-যাওয়া হবে আমার বাড়িতে। দাদা-দাদি, ফুফা-ফুফুর আদর পাবে।’

তিনি আরও বলেন,‘ শেহজাদ যখন স্কুলে যাওয়া শুরু করবে, তখন তার মায়ের সঙ্গেও আমার দেখা হবে—এটা খুবই স্বাভাবিক। তবে একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই। তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।
সম্প্রতি চিত্রনায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তার জন্মদিনে শাকিব খান একটি ডায়মন্ডের নাকফুল উপহার দেওয়ার পাশাপাশি উইশ করেছেন। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাঁকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তাঁর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’