নভেম্বর ২৯, ২০২২, ০২:৫৪ পিএম
মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদসহ তিন জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত হোসেনের আদালতে সাক্ষ্য দেন তিনি।
শুনানির সময় আসামি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম আদালতে হাজির ছিলেন।
এ সময় তিনি বর্ণনা দেন কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়েছিল। তিনি আদালতকে জানান, নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমনির জবানবন্দি রেকর্ড করেন।
আজ পরীমনি তাঁর বক্তব্য সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ১১ জানুয়ারি।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এরপর ১৮ মে একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
নাসিরসহ অন্যদের বিরুদ্ধে মামলার আড়াই মাস পর গত বছরের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় তাঁকে তিন দফায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তারের ২৭ দিন পর গত বছরের ১ সেপ্টেম্বর পরীমনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারকাজ চলছে।