ভারতীয় মডেল গাহানা, পল্লবী, বিদিশার পর এবার আরও এক মডেলের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। কলকাতার সেই মডেলের নাম পূজা সরকার। ১৯ বছরের ওই তরুণীর বাড়ি উত্তর চব্বিশ পরগণা গাইঘাটাতে। তিনি গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বান্ধবীর সঙ্গে বাঁশদ্রোণীতে থাকতেন তিনি।
রোববার ভোররাতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ৩ মাসে ৭ জনের বেশি উঠতি মডেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শহর কলকাতায়। ব্রাইডাল মডেলিং করতেন পুজা সরকার।
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বাংলা সূত্রে জানা গেছে, মৃতের বান্ধবী পুলিশকে জানিয়েছেন যে, পূজা এবং তিনি শনিবার রাতে একটি হোটেলে যায়। সেখানে খাওয়া-দাওয়া করে বাড়িতে ফিরে এসে গভীর রাত পর্যন্ত দুজনে মিলে গল্পও করে। এরই মাঝে পূজার বয়ফ্রেন্ড তাকে ফোন করে এবং তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় ফোনে। এরপর হঠাৎ পূজা বলতে থাকে সে আর বাঁচতে চায় না এই বলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিতেই সন্দেহ হয় বান্ধবীর। বাড়িওয়ালাকে খবর দেন তিনি। থানার উল্টোদিকেই এই অ্যাপার্টমেন্টটি। পুলিশ গিয়ে দরজা বন্ধ করে ঝুলন্ত দেহ উদ্ধার করে।
এই ঘটনায় পূজার বয়ফ্রেন্ডকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের মধ্যে অশান্তি হয়েছিল কিনা, ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা, খুন নয়, আত্মঘাতী হয়েছেন এই তরুণী।