ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০৪:২১ পিএম

ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা একসঙ্গে একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে আলমগীর-রুনার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

দেশের বাইরে এমন প্রাপ্তির বিষয়ে আলমগীর বলেন, এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা পেয়েছি। সম্মাননা প্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।

রুনা লায়লা বলেন, এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এখানে আমরা দু’জনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালোলাগার। আয়োজকদের ধন্যবাদ।

আলমগীর ও রুনা লায়লা শুক্রবার কলকাতা পৌঁছান। গতকাল সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। একই অনুষ্ঠানে আলমগীর ও রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ, কোনাল প্রমুখ।

Link copied!