ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোহন জুনেজা আর নেই। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। একাধিক ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জুনেজা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে আনন্দবাজার জানায়, অভিনেতার যকৃতে কিছু সমস্যা তৈরি হওয়ায় পরিবার তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। এদিন সকাল সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
জুনেজার ছেলে অক্ষয় জানিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তার বাবা। এখানকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল শুক্রবার তাঁকে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তাঁরা মৃত্যু সংবাদ পান।

অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার ফ্যানক্লাবের তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলা হয়েছে, ‘অভিনেতা জুনেজা এবং তাঁর পরিবারের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। মোহন জুনেজার প্রয়াণে দক্ষিণ ভারতীয় সিনেমায় এক অপূরণয়ী ক্ষতি হল।’
গতমাসের মাঝামাঝিতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। মুক্তির পর পরই ভারতে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে সিনেমাটি। সেই ধারা এখনও বিদ্যমান। কেবল ভারতে নয়, অন্যান্য দেশেও সিনেমা দুটির জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে।
ছবির পরিচালক প্রশান্ত নিজের টুইটার হ্যান্ডেলে শনিবার একটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে তাঁর সংক্ষিপ্ত বার্তা – ওনার আত্মার শান্তি কামনা করি। একশোটির বেশি সিনেমায় অভিনয় করেছেন মোহন জুনেজা। তামিল, তেলেগু, মালায়লম ছাড়াও হিন্দি ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।
মোহনের একটি সংলাপ রয়েছে- ‘গ্যাং নিয়ে আসলে তাকে গ্যাংস্টার বলে। কিন্তু ও একা আসে, ও হচ্ছে মনস্টার’। এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
জুনেজার অভিনয় জীবন শুরু নাটকের মধ্য দিয়ে।কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জুনেজা জানিয়েছিলেন, বাবার ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ছোট থেকে সিনেমার প্রতি ঝোঁক তাকে অভিনেতা হওয়ার উৎসাহ জুগিয়েছে।