ভালো নেই বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই‘ খ্যাত অভিনেতা ফারুক আহমেদ। রোগাক্রান্ত হয়ে শারীরিকভাবে কিংবা অর্থাভাবে কোনদিক থেকেই ভালো নেই তিনি।
একসময় নায়ক ফারুকের সিনেমার প্রতীক্ষায় থাকতেন চলচ্চিত্রপ্রেমীরা। কবে মুক্তি পাবে 'মিয়া ভাই'র নতুন ছবি! চলচ্চিত্রের পর্দায় নেই বহু বছর, তবু এখন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অগুণতি ভক্ত-অনুরাগী। অপেক্ষা তার রোগমুক্তির, প্রতীক্ষা তার দেশে ফেরার।
চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দশ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার কখনও উন্নতি, আবার কখনও অবনতি হয়েছে কয়েক মাস ধরে। ছিল নানা শঙ্কাও। তবে কখনও হাল ছাড়েননি তার পরিবারের সদস্যরা। চালিয়ে যাচ্ছেন চিকিৎসা।
ফারুকের চিকিৎসার জন্য এরই মধ্যে বিক্রি করতে হয়েছে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট। ব্যাংক অ্যাকাউন্টও শূন্য হয়েছে। পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার-দেনা করতে হয়েছে।
জনপ্রিয় এই অভিনেতা চার মাস ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। সেমি কোমায় কেটেছে আরও চার মাস। মাঝে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। সে সময় মৃত্যুর গুজবও রটেছিল!
তবে এখন ফারুকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। একটু একটু করে তিনি সুস্থ হয়ে উঠছেন। পাঁচ মাস আগে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার স্ত্রী ফারহানা ফারুক বলেন, “ফারুকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এখন নিজের পছন্দের সব ধরনের খাবার খেতে পারছেন। রক্তচাপ ও মস্তিস্কে যে সমস্যা ছিল, তাও এখন নিয়ন্ত্রণে। স্নায়ুতন্ত্রে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে, যা আগে ছিল না। চিকিৎসকরা বলেছেন, এর চিকিৎসা দীর্ঘমেয়াদি। তাই ধৈর্য ধরে চিকিৎসা চালাতে হবে।”
হাসপাতালে ইবাদত বন্দেগি করে, আল্লাহর কাছে দোয়া চেয়ে চোখের পানি ফেলেই দিন কাটছে ফারুকের।
ফারহানা আরও জানান, “সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল, যেজন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সন্তানরা দেশে থেকে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে। সহায়-সম্পত্তি সব চলে গেলেও আফসোস নেই। আপনাদের মিয়া ভাই দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক, এটাই একমাত্র চাওয়া। ফারুক তো আমার একার নয়, পুরো বাংলাদেশের। দেশে সবাই তার অপেক্ষায় আছেন।”
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আট বছর ধরে চিকিৎসাসেবা নেন ফারুক। সর্বশেষ ২০২০ সালে অক্টোবর মাসের শেষদিকে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে আসেন তিনি। এর কিছুদিন পর করোনায় আক্রান্ত হন। চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন, পুরোনো বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় মাঝে মাঝে ফারুকের শরীর খারাপ হতে পারে। সে জন্য তিন মাস পরপর রুটিন চেকআপে থাকতে হবে।
গত বছরের মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিস্কে সংক্রমণ ধরা পড়ে। একই সময়ে চিকিৎসকরা জানান রক্তে দুটি সংক্রমণও রয়েছে। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত একদম অচেতন ছিলেন তিনি। এক মাসের বেশি সময় ধরে কথা বলতে পারেননি ফারুক।