মা হতে চলেছেন প্রসূন আজাদ, দোয়া চাইলেন সবার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ০৭:১২ পিএম

মা হতে চলেছেন প্রসূন আজাদ, দোয়া চাইলেন সবার

মডেল, অভিনেত্রী ও পরিচালক প্রসূন আজাদ মা হতে চলেছেন। বর্তমানে পুরোদস্তুর সংসারী প্রসূন গত বছরের জুলাই মাসে প্রেমিক ফারহানকে বিয়ে করার এক বছরের মাথায় নিজেই এ সুখবর জানালেন। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

‘সর্বনাশা ইয়াবা’খ্যাত এই নায়িকা গণমাধ্যমবে বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।’

প্রসূন আজাদ আরও বলেন, ‘এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ’

প্রসূন আজাদ এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে নাম লেখান প্রসূন আজাদ। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। এছাড়াও অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

প্রসূন আজাদ ‘মনপূরা’ চলচ্চিত্রে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তবে ২০১৬ সালে কুহেলিকা চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালনায় অভিষেক ঘটান।

Link copied!