মাধুরীর বাড়ি ভাড়া মাসে ১৪ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২২, ০৯:৩২ পিএম

মাধুরীর বাড়ি ভাড়া মাসে ১৪ লাখ

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অবশেষে মুম্বাইয়ের বুকে সন্ধান পেলেন নিজের স্বপ্নের বাসার। আর নতুন এই ঠিকানা পেয়ে বেজায় খুশি এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে নতুন এই বাসা ঘিরে তিনি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মাধুরীর নতুন ফ্ল্যাটটি ৫ হাজার ৫০০ স্কয়ার ফুট এলাকাজুড়ে। মুম্বাইয়ের একটি অভিজাত এলাকার একটি আবাসিক ভবনের ২৯ তলায় মাধুরীর নতুন ঠিকানা। তাঁর এই বাসা থেকে দেখা যাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হওয়ার অপূর্ব দৃশ্য। এমনকি রাতের ঝলমলে মুম্বাইয়ের অসাধারণ দৃশ্য ধরা পড়বে তাঁর এই ফ্ল্যাট থেকে। সাগরের তীরে মাধুরীর এই স্বপ্নের বাসা। তাই এখান থেকে দেখা যাবে সমুদ্রের নানা রং, রূপ আর মেজাজ।

জানা গেছে, মাধুরী নতুন ফ্ল্যাটটি ইজারা নিয়েছেন। আর এর জন্য প্রতি মাসে তাঁকে ভাড়া হিসেবে ১৪ লাখ টাকা দিতে হবে। মাধুরীর এই স্বপ্নের বাসা আরও স্বপ্নময় করে তুলেছেন স্থপতি অপূর্বা মেহতা। মাত্র ৪৫ দিনের মধ্যে তিনি ফ্ল্যাটটি সাজিয়ে তুলেছেন। তবে মাধুরী আর তাঁর স্বামী শ্রীরাম নেনের রুচি অনুযায়ী ফ্ল্যাটের অন্দরসজ্জা করেছেন অপূর্বা। তরুণ আর্কিটেক্ট অপূর্বা খুব অল্প সময়ের মধ্যে এত বড় চ্যালেঞ্জ দারুণভাবে উতরে গেছেন। তাঁর কাজে বেজায় খুশি নেনে দম্পতি।

Link copied!