যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন টক শো উপস্থাপক জেরি স্প্রিংগার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিকাগো শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এক বিবৃতিতে স্প্রিংগারের পরিবার জানিয়েছে, কিছুদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার ‘শান্তিপূর্ণভাবে’ তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
স্প্রিংগারের মৃত্যুতে তার আজীবনের বন্ধু ও পরিবারের মুখপাত্র জেন গ্যালভিন এক বিবৃতিতে বলেছেন, ‘রাজনীতি, সম্প্রচার কিংবা রাস্তায় মানুষের সঙ্গে কৌতুকের চেষ্টা- যা কিছুই হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই জেরি স্প্রিংগারের সফলতার মূলে ছিল মানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ত হওয়ার ক্ষমতা।’
‘দ্য জেরি স্প্রিংগার শো’-এর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন এই ব্রিটিশ বংশোদ্ভূত আমেরিকান টক শো উপস্থাপক। ২৭ বছর ধরে অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন তিনি। বিতর্কিত বিষয়বস্তু এবং অতিথিদের আপত্তিকর আচরণ ছিল এই শোয়ের বৈশিষ্ট্য।
উপস্থাপনার পাশাপাশি রাজনৈতিক প্রতিবেদক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন জেরি স্প্রিংগার। এর আগে ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই ও রাজনীতিক রবার্ট এফ কেনেডির উপদেষ্টাও ছিলেন তিনি।
জেরি স্প্রিংগার ১৯৪৪ সালে ১৩ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ৪ বছর বয়সে তিনি নিউইয়র্কে পাড়ি জমান।