মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০২:০৭ পিএম

মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি

‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এটি করেন। জিডি নম্বর ৩৭৮।

সেখানে অরুণা লিখেছেন, গতকাল সোমবার সন্ধ্যায় একটি ভিডিও তৈরি করে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। যেখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। বিষয়টি আমি আমার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছি।

অরুণা বিশ্বাস আরও উল্লেখ করেন, ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।

এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী।

জিডি প্রসঙ্গে কথা বলতে মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আপনার কাছেই খবরটা শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি তাই আমি এ নিয়ে এখন কিছু বলতে চাইছি না।’

মালেক আফসারী নব্বইয়ের দশকের জনপ্রিয় পরিচালক। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমুখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Link copied!