মাহি মোটা বলে 'অগ্নি ৩' থেকে বাদ দিলেন আজিজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৪:৩৭ পিএম

মাহি মোটা বলে 'অগ্নি ৩' থেকে বাদ দিলেন আজিজ

ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা হিসেবে খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে পর্দায় পা রেখেছিলেন। এরপর একই প্রযোজনা সংস্থার সিনেমা অগ্নি ও অগ্নি ২ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন। এবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ‘অগ্নি ৩’ সিনেমা নিমার্ণের ইঙ্গিত দিয়েছেন। তবে এই সিনেমায় নেওয়া হচ্ছে না মাহিয়া মাহিকে।

নিজের ভ্যারিফাইড ফেসবুকে আজিজ এক পোস্টে জানান, অগ্নি-৩ আসছে। স্বাভাবিকভাবেই ভক্তকূলের মনে প্রশ্ন জেগেছে, ফের ‘অগ্নিকন্যা’ হিসেবে মাহিকেই দেখা যাবে কি না? কিন্তু আজিজ সাফ জানিয়ে দিলেন, অগ্নি ৩-এ মাহি থাকছেন না।

এ নিয়ে আজিজের ওই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, মাহিকেই চাইব। ‘অগ্নি’ সিরিজে মাহিই সেরা পারফর্ম করেছে।

উত্তরে প্রযোজক আজিজ জানালেন, মাহি থাকছেন না। মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।

তখন অগ্নি চরিত্রে কাকে নেওয়া হচ্ছে তা নিয়ে ওই পোস্টের কমেন্ট বক্সে জল্পনা শুরু হয়। কেউ কেউ বলেন, ‘অগ্নি ৩’-এ পূজা চেরিকে দেখা যেতে পারে।

সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন আজিজ। তিনি বলেছেন, এই চরিত্রটির জন্য একজন সুপারফিট অভিনেত্রীর দরকার। তাই হলিউড থেকে কাউকে নেওয়ার কথা ভাবছি। কারণ এবারের চরিত্রটি আগের চেয়ে আরো বেশি চ্যালেঞ্জিং। আরও বেশি ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে। পূজা এত ঝুঁকি নিতে পারবে বলে মনে হচ্ছে না।

এদিকে, সিনেমাটির গল্প চূড়ান্ত হয়ে গেছে। তবে নির্মাতা কে হবেন, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। আজিজ জানিয়েছেন, বাংলাদেশের সৈকত নাসিরের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন। হয়ত তিনি পরিচালনা করবেন। আবার হলিউডের কোনো নির্মাতাও থাকতে পারেন।

প্রসঙ্গত, জাজের ‘অগ্নি’ মুক্তি পায় ২০১৪ সালে। এতে মাহির সঙ্গে অভিনয় করেন আরিফিন শুভ। সিনেমাটি সে বছর সফল হয়। এরপরের বছরই তাই জাজ মুক্তি দেয় ‘অগ্নি ২’। এতে মাহির বিপরীতে কলকাতার ওম সাহানিকে দেখা যায়। এটিও পেয়েছিল সাফল্য। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন ইফতেখার চৌধুরী।

Link copied!