ঢালিউডে ‘স্টার কিড’ হিসেবে পরিচিত শাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। বলিউডে ‘স্টার কিড’ শব্দটা অনেকের ক্ষেত্রে ব্যবহিত হলেও ঢালিউডে সেটি শুধু জয়ের বেলায় শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় জয়ের জনপ্রিয়তা অনেক বেশি। হবে নাই বা কেন, ঢালিউডের সুপারস্টার শাকিবের সন্তান জয়। দিন দিন বেড়েই চলেছে তার ফলোয়ারদের সংখ্যা। এই স্টার কিডের দিন কাটে পড়াশোনা এবং জিম দিয়ে।
মা অপু বিশ্বাসের সাথে থাকেন জয়। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর সাথে জয়ের ছবি দেখা যায়। কখনও বা ড্রয়িং করছে এমন ছবি কখনও আবার জিমে। জয়ের পড়াশোনার বিষয়ে অপু গণমাধ্যমে জানান, জয় এখন অনলাইনে ক্লাস করছে। আগের থেকে অনেক একটিভ এবং অ্যাডভান্স হয়ে গেছে সে। তবে পড়াশোনার পাশাপাশি আর্টের প্রতি ঝোঁক আছে জয়ের।
এছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে প্রায় জিমে দেখা যায় জয়কে। এ বিষয়ে অভিনেত্রী অপু বলেন, ‘আমি জিমে গেলে জয়ও ডাম্বেল দিয়ে ব্যায়াম শুরু করে এবং যেটা অনেক মজার ব্যাপার। ৫ কেজি ওজনের একটি ডাম্বেল আমার হাত থেকে পড়ে গিয়েছিল সেটাই সে কপি করছিল।আমি যা যা করি সবই কপি করে। আমি বিশ্রাম নিলে সেও বিশ্রাম নেয়। এটাই আমাকে আনন্দ দেয়।’
২০১৬ সালে কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে আব্রাহাম খান জয়। বর্তমানে জয় মায়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। তাই অপু যেখানেই যান সেখানেই তার ছেলে সঙ্গে থাকেন। জানা গেছে, মায়ের সাথে প্রতিদিন সন্ধ্যায় হাটতে বের হয় জয়। ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে সে। বর্তমানে কেজিতে পড়াশোনা করছে শাকিব-অপু জুটির সন্তান জয়।