মিথ্যে নোংরামি ছড়ানোদের তালিকা হচ্ছে, আইনী ব্যবস্থা নিচ্ছি: শাকিব খান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ০৭:৩৫ পিএম

মিথ্যে নোংরামি ছড়ানোদের তালিকা হচ্ছে, আইনী ব্যবস্থা নিচ্ছি: শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় থামতে না থামতেই ফের গুঞ্জন উঠেছে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে হালের আলোচিত নায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে।

গুঞ্জন উঠেছে নায়িকা পূজা চেরিকে নাকি ‘ধর্মান্তরিত’ করে বিয়ে করেছেন শাকিব খান। শুধু তাই নয়, তাদের বিয়ের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। তারা নাকি চলতি বছরের গত ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা-সমালোচনা।

অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে গুঞ্জনের বিষয়টিতে এতদিন চুপ করে ছিলেন শাকিব খান। তবে বৃহস্পতিবার এনিয়ে মুখ খুলেছেন ঢালিউড চলচ্চিত্রের এই নাম্বার ওয়ান অভিনেতা।  

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে এক স্ট্যাটাস দিয়েছেন। শুধু তাই নয় যারা মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  তার আইনজীবী  তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান শাকিব খান।  দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য তার এই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। 

 

‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।

এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?

এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?

আর এসব ভূয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।

যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

Link copied!