২০২১ সালের মিস ওয়ার্ল্ড মুকুট জিতে নিয়েই রাশিয়ার সামরিক আগ্রাসনের শিকার ইউক্রেনে শান্তির আহবান জানিয়েছেন ক্যারোলিনা বিলাফস্কা।

পোল্যান্ডের হয়ে ২২ বছরের এই তরুণী বিশ্বের ৯৬ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা সুন্দরীর স্বীকৃতি অর্জন করেন।মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান জুয়ানের কোকা-কোলা মিউজিক হলে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা শ্রী সাইনি। আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ দ্বিতীয় রানারআপ।

সুন্দরী প্রতিযোগীতার এবারের অনুষ্ঠানটি অন্যবারের চেয়ে ভিন্ন ধরনের ছিল। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে বিশেষ বার্তা দেয়া হয়েছে।

সংগীতেও ছিল ব্যতিক্রম পরিবেশনা। সেলিন ডিওন এবং আন্দ্রেয়া বোসেলি যখন ‘দ্য প্রেয়ার’ গানটি গাইছিলেন তখন শান্তির বার্তা হিসেবে দর্শক এবং মঞ্চ উভয় দিক থেকেই মোমবাতি উঁচু করে ধরা হয়ে ছিলো।

শুধু তাই নয়, মঞ্চে দাড়ানো মূল প্রতিযোগীদের পেছনে পর্দায় তখন বড় করে লেখা হয়েছিল ‘শান্তির জন্য প্রার্থনা’। মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ বিষয়ে একটি টুইট করে বলা হয়েছে, ‘ইউক্রেনের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা আমাদের প্রতিযোগিতার মধ্যে ছিলো ‘

মিস ওয়ার্ল্ড-২০২১ আয়োজকরা জানিয়েছেন, একশর বেশি দেশে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়েছে এবং ইউক্রেনের জন্য আমাদের এই আয়োজনে একাত্মতা পোষণ করে সাত হাজার মানুষ মোমবাতি প্রদর্শন করেছিলো।
নতুন মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাফস্কা এ বিষয়ে বলেছেন, “ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য একটি করে মোমবাতি জ্বালানো যথেষ্ট নয়। তবে সবাই মিলে যদি আমারা এটা করি তাহলে পৃথিবী বদলে যাবে।“

এ সময় তিনি সারা বিশ্বের মানুষকে একটি করে মোমবাতি জ্বালিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ইউক্রেনের পক্ষে অবস্থান জানান দেয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর মিস ওয়ার্ল্ড ২০২১ আয়োজনের তারিখ নির্ধারিত ছিল । তবে প্রতিযোগিতা শুরুর আগে ১৭ প্রতিযোগীর করোনা শনাক্ত হওয়ায় তা স্থগিত করা হয়। মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।
সূত্র: সিএনএন।