বেশ কয়েকজন প্রতিযোগী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় চলতি বছরের মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব স্থগিত করা হয়েছে। মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্টসের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে এই তথ্য জানানো হয়েছে। ওই পেজে জানানো হয়, সমস্ত লোকজনের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার কথা মাথায় রেখে ইভেন্ট অস্থায়ীভাবে আপাতত স্থগিত রাখা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, পুয়ের্তো রিকোতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৭ প্রতিদ্বন্দ্বী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ভারতের প্রতিযোগী মানাসা বারানসীও।

তিনি পুয়ের্তো রিকোতে আইসোলেশনে আছেন। এবারের ৭০ তম ‘মিস ওয়ার্ল্ড’ এর আসরে ৯৭ প্রতিযোগী অংশ নেয়। অংশ নেওয়া ২৩ প্রতিযোগীর শরীরে করোনা পজিটিভ। সেই সঙ্গে অনুষ্ঠানের বাকি ১৫ কর্মীর শরীরে করোনা পজিটিভ এসেছে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় সময় বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) ভোর ৫টায় মিল ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে ইভেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে পুয়ের্তো রিকোয় এই ইভেন্টের দিনক্ষণ জানানো হবে। এই সিদ্ধান্ত মিস ওয়ার্ল্ড ইভেন্টে উপস্থিত চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিভাগের বৈঠকের পর নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরও বেশি সুরক্ষারও আয়োজনও করা হয়েছে। সমস্ত আক্রান্ত প্রতিযোগীদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।

মিস ওয়ার্ল্ড সংস্থার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি মিললে তবেই প্রতিযোগীরা নিজ নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি পাবেন। মিস ওয়ার্ল্ড লিমিটে়ডের সিইও জুলিয়া মর্লে বলেছেন, সুস্থ হয়ে প্রতিযোগীদের ফিরে আসার জন্য তাঁর অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এবারের আসরে বাংলাদেশের হয়ে কেউ প্রতিনিধিত্ব করেনি। মাঝে ভার্চুয়ালি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আসর বসার কথা থাকলেও তা আর হয়নি। ২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল ফেরদৌস এভ্রিলের নাম ঘোষণার পর বিয়ের তথ্য গোপনের দায়ে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়। পরের বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০১৯ সালে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন রাফা নানজিবা তোরসা।

মিস ওয়ার্ল্ড বিজয়ী ভারতের পাঁচ সুন্দরী। ছবি: সংগৃহীত
সারা বিশ্বজুড়ে এখনও অব্যাহত করোনার দাপট। এরমধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন। চলতি বছরের গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।তারপরও বিভিনন্ন দেশে এখনও ছড়িয়ে পড়ছে ওমিক্রন।