ভারতে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি। ভারতের প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ২৫শে জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে গোটা ভারতের চলচ্চিত্র অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পাঠান জ্বরে শুধু ভারত নয় কাপছে গোটা বিশ্ব। ভারত ছাড়াও ১০০ টির বেশি দেশে মুক্তি পেয়েছে পাঠান।
ভারতীয় হিন্দি ভাষার স্পাই-থ্রিলার চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ৫২ কোটি ৫০ লাখ টাকা উপার্জন করেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন পাঠানে। ননহলিডে’তে মুক্তি দিয়েও ‘পাঠান’ বক্স অফিসে প্রথম দিনে তুলনামূলকভাবে ভালো পারফর্ম করছে।
অনেকেরই পূর্ব ধারণা ছিল শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি 'বাহুবলী - দ্য কনক্লুশন' এর নন-হলিডে উদ্বোধনী দিনের রেকর্ডকে বিশাল ব্যবধানে পরাজিত করবে। তবে বিশাল ব্যবধানে না হলেও শাহরুখ খানের এই ছবিটি ২০১৯ সালে মুক্তি পাওয়া 'ওয়ার' ও ২০২২ সালে মুক্তি পাওয়া কেজিএফ-২ ছবির আয়ের থেকে সামান্য পরিমাণ বেশি আয় করেছে।
২০১৯ সালে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্র ‘ওয়ার’। যশ রাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমাটি প্রথম দিনে আয় করে ৫০ কোটি রুপি।
অন্যদিকে, গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পাওয়া প্রশান্ত নীল রচিত ও পরিচালিত এবং হাম্বল ফিল্মসের ব্যানারে নির্মিত কন্নড় ভাষার একশন, ক্রাইম ও গ্যাংস্টার ধর্মী ভারতীয় চলচ্চিত্র ‘কেজিএফ-২’ প্রথম দিনে আয় করে ৫২ কোটি রুপি। তবে ওয়ার এবং কেজিএফ ২ দুটি ছবিই ছিল বড় ছুটির রিলিজ। অনেকেরই ধারণা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 'পাঠান' মুক্তি পেলে ছবিটি আরও বড় ওপেনিং হতে পারতো।