মুক্তির পরই বলিউড বক্স অফিসে ‘পাঠান’র ১০ রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ১১:৫৪ এএম

মুক্তির পরই বলিউড বক্স অফিসে ‘পাঠান’র ১০ রেকর্ড

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ জ্বরে কাবু গোটা ভারত। করোনা ভাইরাসের সংক্রমণসহ নানা পরিস্থিতিতে চার বছর পর শাহরুখ খানের ছবি প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে। ভারত ছাড়াও ১০০ টির বেশি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’।

হিন্দি ভাষার স্পাই-থ্রিলার চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ভারত থেকে ৫৫ কোটি রুপি আয় করে। মুক্তির দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক বেড়ে দাঁড়ায় ১২৫ কোটিতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি সারা বিশ্ব থেকে দুই দিনে আয় করেছে ২২৫ কোটি রুপি। মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। 

যশরাজ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা অক্ষয় উইধানি দেশটির একাধিক গণমাধ্যমে বলেছেন, “ভারতীয় চলচ্চিত্রের জন্য এ এক ঐতিহাসিক দিন। ‘পাঠান’-এর জন্য সারা পৃথিবী থেকে যে পরিমাণ ভালবাসা পাচ্ছি, তা দেখে আপ্লুত আমরা। ছুটির দিনে মুক্তি না পেয়েও এত ব্যবসা দেখে বুঝতে পারছি, সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমা দেখবে। এই ব্যবসা মার খাবে না। যদি আমরা সেই ধরনের বানাতে পারি যা মানুষ আগে দেখেনি।”

গত ২৫ জানুয়ারি ভারতে বুধবার কোনও ছুটি ছিল না। তারপরও সারা দেশে শাহরুখ খানের এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তা-ই নয়, হিন্দি ছবির নিরিখে সবথেকে বেশি ব্যবসা প্রথম দিনে! আগের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল যশরাজ ফিল্মসের এই ছবি। হিন্দি ‘পাঠান’-এর আয় হয়েছে ৫৫ কোটি। ছবির ডাবড ভার্সনে আয় ২ কোটি। মোট ৫৭ কোটি টাকার মুনাফা প্রথম দিনেই।

শুধু তাই নয়, প্রথম দিনের বক্স অফিসের হিসেব মতে, নতুন করে মোট ১০টি রেকর্ড তৈরি হয়েছে যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি।

১. ভারতে সর্বকালের নিরিখে সবথেকে বেশি জায়গায় মুক্তি পেয়েছে এই ছবি

২. প্রথম দিনে হিন্দি ছবির ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত সেরার স্থানে ‘পাঠান’।

৩. ছুটির দিনে মুক্তি না পেয়েও সবথেকে বেশি ব্যবসা প্রথম দিনে।

৪. যশরাজ ফিল্মসের তৃতীয় ছবি যা প্রথম দিনেই ৫০ কোটি টাকার চৌকাঠ পেরিয়েছে। ‘ওয়ার’ ৫৩ কোটি ৩৫ লাখ রুপি, ‘থাগস অফ হিন্দুস্তান’ ৫২ কোটি ২৫ লাখ। এরই পরই তিন নম্বর ছবি ‘পাঠান’।

৫. ‘ওয়ার’ এবং ‘এক থা টাইগার’-এর পর ‘স্পাই ইউনিভার্স’-এর তিন নম্বর ছবি যা রেকর্ড ব্যবসা করল প্রথম দিনের বক্স অফিসে।

৬. শাহরুখ খানের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।

৭. দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।

৮. জন এব্রাহামের প্রথম ছবি যা প্রথম দিনে এত ব্যবসা করেছে।

৯. যশরাজ ফিল্মসের ছবিগুলির মধ্যে ‘পাঠান’ প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে।

১০. ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিই সবথেকে বেশি লক্ষ্মীলাভ করেছে প্রথম দিন। এর আগে তাঁর ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর মতো অ্যাকশন-থ্রিলার ছবি উপহার দিয়েছেন। কিন্তু ‘পাঠান’-ই তার ক্যারিয়ারের এখনও পর্যন্ত ছবি মুক্তির প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি।

ভারত ও ভারতের বাইরে মিলিয়ে ২ দিনেই ২২৫ কোটি রুপি আয় করেছে পাঠান। এর মধ্যে ভারত থেকে ১২৫ কোটি, ভারতের বাইরে থেকে ১০০ কোটি। ভারতের বাইরে মুক্তির পর এত বেশি আয় করতে পারেনি কোনো হিন্দি সিনেমাই।

 

যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন।

Link copied!