বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান মৃত্যু আতঙ্কে দিন পার করছেন। সারারাত ঘুমাতেও পারছেন না। প্রায়শই তার দম আটকে আসছে। ইনস্টাগ্রামে এমন সমস্যার কথা ইরা নিজেই জানিয়েছেন। শুধু তাই নয়, তার অনুরাগীদের প্রশ্ন করলেন, তাদেরও একই রকম আতঙ্ক হয় কিনা। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলেন ২৫ বছরের তরুণী।
ইনস্টাগ্রামে ইরা লিখেছেন, “প্যানিক এবং প্যানিক অ্যাটাক ভিন্ন। অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি অ্যাটাক ভিন্ন। আমার এখন অ্যাটাক হচ্ছে। এটা আগেরবারের থেকে একেবারে আলাদা। আমার মনোরোগ বিশেষজ্ঞকে জানিয়েছি। আগে যেটা মাসে দু’একবার হত, তা এখন রোজ হচ্ছে। বিশেষ করে রাতে। তাই ঘুম হচ্ছে না। বুক ধড়ফড় করছে। দম বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝেই কেঁদে উঠছি। মনে হচ্ছে, খুব খারাপ কিছু একটা ঘটবে। ভীষণ আতঙ্ক হচ্ছে।”
ইরার কাতর আর্তি, ‘আমি ঘুমাতে চাই!’ তিনি জানান, যখন অ্যাটাক শুরু হয়, সেটি ক্রমশ বাড়তে থাকে। তখন নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ইরা। কী জন্য আতঙ্ক হচ্ছে, তার কারণ খোঁজার চেষ্টা করেন।
মানসিক স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন ইরা। সচেতনতার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অগৎসু ফাউন্ডেশন’ তৈরি করেছেন তিনি। ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে একাধিকবার অনুরাগীদের সাহায্য করেছেন।