মেট্রোরেল আমাদের জীবনের অন্য রকম সুখের স্মৃতি: সজল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ০১:৪৪ পিএম

মেট্রোরেল আমাদের জীবনের অন্য রকম সুখের স্মৃতি: সজল

বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে মেট্রোরেলের মাধ্যমে। শুধু সাধারণ মানুষ নয় অনেক তারকারাও মেট্রোরেল নিয়ে স্বপ্ন দেখতেন। এই তালিকায় সবচেয়ে এগিয়ে অভিনেতা সজল। মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে মেট্রোরেলে ওঠার অপেক্ষায় ছিলেন এই তারকা। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হলো। মেট্রোরেলে চড়ে তিনি দেখলেন, নতুন এক ঢাকা শহরের যোগাযোগব্যবস্থা।

মেট্রোরেলে চড়ার ইচ্ছা পূরণের খুশি প্রকাশ করতে গিয়ে সজল বলেন, ‘মেট্রোরেলের এই সংযোজন আমাদের জীবনের অন্য রকম সুখের স্মৃতি। বছরের প্রথম দিনটি জীবনের অন্যতম একটি স্মৃতি হয়ে রইল। নতুন বছরে এর চেয়ে বেশি আনন্দ অন্য কিছু হতে পারে না।’

এ সময় সজল আরও বলেন, ‘এখনো আমরা যুক্তরাষ্ট্রে বা উন্নত দেশগুলোতে গেলে মেট্রোরেলে ঘুরি। খুব সহজেই এক জায়গা থেকে আরেকটি জায়গায় যাই। ভ্রমণটাও হয় অনেক আনন্দের। তাঁদের কাছে মেট্রোরেল সাধারণ বিষয় হলেও আমাদের কাছে ছিল স্বপ্নছোঁয়ার মতো। ঢাকায় বসে উন্নত শহরের মতো যোগাযোগ এত সহজ হবে ভাবিনি।’

সজল জানান, তিনি ভেবেছিলেন, আগারগাঁও থেকে উত্তরায় নেমে যাবেন। কিন্তু ভ্রমণটা আনন্দদায়ক হওয়ায় উত্তরার দিয়াবাড়ি প্ল্যাটফর্ম থেকে আবার আগারগাঁওয়ের উদ্দেশে চড়ে বসেন।

সজল বলেন, ‘ট্রেনের মধ্যেই বসে ভাবছিলাম, আমাদের মেট্রোরেলের সকল সুযোগ-সুবিধা অন্য দেশের চেয়ে কোনো অংশে কম নয়। নিরাপত্তা, পরিষ্কার–পরিচ্ছন্নতা, ভেতরের পরিবেশ, টিকিটিং—সবই অসাধারণ। আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করি, তারা জানি, কীভাবে জ্যাম ঠেলে ধানমন্ডি থেকে উত্তরায় আসতে হয়। এই দিয়াবাড়ি প্ল্যাটফর্মের পাশে আমাদের নিয়মিত শুটিং হয়। এখন উত্তরার সঙ্গে আমাদের যোগাযোগ দ্রুত হবে। শুধু তা–ই নয়, এই উন্নয়নে আমরা নিজেদেরও কাজে লাগাতে চাই। এখন প্রতিদিনের কাজগুলো আরও সহজে আরও বেশি সংখ্যায় করতে চাই।’

সজল একজন বাংলাদেশি টেলভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সজল মডেলিংয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- জ্বীন, হারজিৎ, রান আউট। তাঁর অসামান্য অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

Link copied!