ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ চারজন অভিনেতা ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমান গণমাধ্যমে বলেন, গত ৯ আগস্ট পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মামলার তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আদালতের নির্দেশনা মতে প্রতিবেদন দাখিল করা হবে।
‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ এনে গত ১৮ জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে ওই মামলাটি দায়ের করা হয়। অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে ওই মামলা করেন।
মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
মামলা দায়ের করার দিনই শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই কুমিল্লাকে নির্দেশ দেন।