যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া হলো না পাখির

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২১, ০২:১১ পিএম

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া হলো না পাখির

ভিসা, এয়ার টিকেট সবই ঠিক করা ছিল আগেই। তারপরেও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া হলো না পাখির।করোনাভাইরাস পরিস্থিতির কারণে পড়াশোনা অনিশ্চিত হয়ে গেলো ভারতীয় টেলিভিশনে প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মধুমিতা সরকারের।

ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় বহুল প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে বাংলাদেশেও দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার।

ছোট পর্দার পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও সমান তালে অভিনয় করে চলেছেন এই  অভিনেত্রী। এবার ক্যামেরা পেছনে পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দেড় মাসের একটি কোর্সে পড়াশোনা করতে যাওয়ার কথা ছিল তার।কিন্তু দেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে তার আর যাওয়া হলো না।

তবে করোনার মধ্যেও ঘরে বসে নেই পাখি নামে অভিনয় করা এই চঞ্চল স্বভাবের মেয়েটি। নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে দর্শকদের সাথে ঠিকই যোগাযোগ রেখে চলেছেন।

নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘লকডাউনের ফল। সব বাতিল হয়ে যাওয়া পরিকল্পনাকে চিয়ার্স’। এর সঙ্গেই জুড়ে দিয়েছেন ‘#ঘরপেরহো’। অর্থাৎ নেটিজেনদেরও নিয়ম মেনে বাড়িতে থাকার পরামর্শ দিলেন কলকাতার এই অভিনেত্রী।

লকডাউনের জন্য বেশ কয়েকটি শুটিং আটকে আছে ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি ড্রামস শিখবেন বলেও ঠিক করেছিলেন। আপাতত ঘরবন্দী থাকায় তার সেই ইচ্ছাও পূরণ হচ্ছে না।

ছোট থেকেই নাচ ও অভিনয়ে আগ্রহী মধুমিতা এখন দিন গুনছেন কবে লকডাউন শেষ হবে। পরিস্থিতি কিছুটা ঠিক হলেই তবে বিদেশে উড়ে যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতক এই অভিনেত্রী।

Link copied!