যুক্তরাষ্ট্রে বসছে তারকাদের মেলা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২২, ০৭:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রে বসছে তারকাদের মেলা

অভিনয় দিয়ে দেশ ও দেশের বাইরে জনপ্রিয়তা পেয়েছেন অনেক তারকাই। বিশ্বের দেশে দেশে বাংলা ভাষাভাষী মানুষ দেশের নাটক-চলচ্চিত্র দেখে আপন করে নেয় শিল্পীদের। কাজের দক্ষতায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও কাজ করছেন এই শিল্পীরা। বলছি চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের কথা। এখন তারা সবাই যুক্তরাষ্ট্রে। আরও রয়েছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা পলাশ, ফারিয়া শাহরিনও।

হঠাৎই কেন এত তারকার মিলনমেলা বসলো যুক্তরাষ্ট্রে? প্রশ্ন জাগছে অনেকের মনে। উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’অনুষ্ঠানে অংশ নিতে এখন একঝাঁক তারকা ভিনদেশের মাটিতে।

২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এবারের আসর বসবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে।

সেখানে পৌঁছানোর পর তারকাদের নিয়ে রেড কার্পেট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের হাঁটতে দেখা গেছে।

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডসে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে শিল্পীদের সংগীত পরিবেশনা। অভিনেতা-অভিনেত্রীরা নৃত্য পরিবেশন করবেন। এই আয়োজনে অংশ নেবেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিও।

Link copied!