যে কারণে ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২২, ০৮:২২ পিএম

যে কারণে ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

ঢাকার মঞ্চে নাচার সব প্রস্তুতি শেষ হলেও বাংলাদেশে আসার অনুমতি পেলেন না বলিউডের অন্যতম প্রধান ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

একটি নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিলো নোরা ফাতেহির।  অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন জারি করে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারকের প্রেক্ষিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অ্যাওয়ার্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

এর আগে, নোরা নিজেই একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, ১৮ নভেম্বর ঢাকা আসবেন তিনি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল এসিভার এওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে নাচবেন নোরা। তিনি সেখানে পুরস্কার বিতরণও করবেন।

ওই ভিডিয়ো বার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে নোরা আরও বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।”

এরও আগে, চলতি বছরের গত সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা ছিলো তার। এই জন্য ‘অ্যাডভান্স টাকা’ নিয়েছিলেন। জানা যায়, ঢাকায় একটি অনুষ্ঠানে আসার জন্য বাংলাদেশের মিরর গ্রুপ থেকে ১৫ লাখ নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেই সময়ে আসতে পারেননি নোরা ফাতেহি। পরে ওই টাকা ফেরত চেয়ে তাঁর কাছে লিগ্যাল নোটিশ পাঠায় মিরর গ্রুপ।

‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’ হিন্দি ছবির এই গানগুলির সঙ্গে নাচের জন্য অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন নোরা ফাতেহি। একের পর এক আইটেম গানে নিজের নাচের গুণে লাখো ভক্তের মনে জায়গা করে নিয়েছেন এ মরোক্কান-কানাডিয়ান সুন্দরী।

শুধু বলিউড ছবিতে নয়, তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। পাশাপাশি ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস–৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর নজরকাড়া পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ভারতীয় গণমাধ্যমের কল্যাণে জানা যায়,  ছোটবেলায় তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। মরক্কোতে আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে দেখেই  বড় হয়েছেন নোরা। আর সেই স্বপ্ন থেকেই বলিউডে আগমন তাঁর। মাত্র পাঁচ বছরের মাথায় বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন এই নৃত্যশিল্পী।

Link copied!