যে কারণে পাঠান মুক্তির প্রচারে নামেননি শাহরুখ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০১:৪৫ পিএম

যে কারণে পাঠান মুক্তির প্রচারে নামেননি শাহরুখ

নানা বিতর্ক ঘিরে ছিল খান পরিবারকে। গত কয়েক বছর ধরে সেই বিতর্কে ‘ক্ষতবিক্ষত’ তারা। এরইমধ্যে ‘পাঠান’ মুক্তি। সতর্কতা হিসেবেই হয়তো পাঠান মুক্তির আগে সংবাদমাধ্যমের মুখোমুখিও হতে চাননি বলিউড বাদশা শাহরুখ খান। বদলে সমাজমাধ্যমে নিজের প্রোফাইল থেকে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অনেক বেশি করে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন। সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

এখন মুক্তির পর থেকেই পাঠান জাদুতে বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। মাত্র তিন দিনে ৩০০ কোটি রুপির গণ্ডি পার করেছে মুভিটি। যা ভারতীয় সিনেমায় নতুন নজির। ছবির সাফল্য দেখে ফের অনুরাগীদের মুখোমুখি তাঁদের ‘পাঠান’। ছবির প্রচারে কেন বিরত থাকলেন শাহরুখ!

এর জবাবও দিয়েছেন অভিনেতা। শনিবার ফের টুইটারে দেখা গেল বাদশাহকে। অনুরাগীদের সাথে খোশমেজাজে দেখা গেল অভিনেতাকে। জমিয়ে আড্ডা দিলেন। সেখানেই এক অনুরাগী প্রশ্ন করে বসলেন: ‘মুক্তির আগে ছবির কোনও রকম প্রচার নেই, কোনও সাক্ষাৎকারও দেননি, তার পরেই চারদিকে শুধুই পাঠান-এর গর্জন।’

অনুরাগীর প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দেন এসআরকে। তিনি বলেন, ‘জঙ্গলের রাজা (সিংহ) কি সাক্ষাৎকার দেয়! তাই আমিও ভাবলাম শুধু জঙ্গলটায় একটু ঘুরে দেখি।’

২০২৩-এ বিনোদন জগতের শুরুতেই ‘পাঠান’-এর জয়জয়কারে হাসি ফিরেছে হিন্দি ছবির প্রযোজক পরিচালকদের মুখে। পাঠানের সাফল্যে শুধু টিম শাহরুখই নয়, গোটা বলিউডই এখন আনন্দে ভাসছে।

Link copied!