নোবেলজয়ী বিখ্যাত মার্কিন গায়ক বব ডিলানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক নারী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বব ডিলান।
গত ১৩ আগস্ট (শুক্রবার)যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুপ্রিম কোর্টে চাইল্ড ভিকটিম অ্যাক্টের আওতায় ওই নারী মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৬৫ সালে ১২ বছর বয়সে বব ডিলান তাকে যৌন নিগ্রহ করেছেন। বর্তমানে কানেকটিকাটে বসবাসরত অভিযোগকারী মামলার এজহারে জানান, সেসময় বব ডিলান তাকে মাদক সেবন করিয়ে যৌন হয়রানি করেন।
মামলার এজহারে আরও বলা হয়, ‘বব ডিলান তারকাখ্যাতির অপব্যবহার করে তাকে মাদক সেবন করিয়ে একাধিকবার যৌন হয়রানি করেছেন’। এতে ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে, বব ডিলানের সেসময়কার বাসস্থান নিউ ইয়র্কের চেলসি হোটেলের অ্যাপার্টমেন্টেকে।
তবে বব ডিলানের মুখপাত্র বিবিসির কাছে দাবী করেন, ‘৫৬ বছরের পুরনো এই অভিযোগ চরম মিথ্যাচার এবং একে যথাযথ উপায়ে মোকাবেলা করা হবে’।
বর্তমানে কানেকটিকাটে বাসবাসরত ওই নারী নাম প্রকাশ না করলেও তার মামলার এজহারে নামের অদ্যাক্ষর হিসেবে ব্যবহার করেছেন জে.সি। তিনি জানান, বর্তমানে ৮০ বছর বয়েসি গায়ক সেসময় তার উপর যৌন নির্যাতন করে তাকে মানসিকভাবে ক্ষতি করেছেন। এ কারণে তাকে দুঃসহ ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’
উল্লেখ্য, বব ডিলান নামে পরিচিত রবার্ট অ্যালেন জিমারম্যানের ৬০ বছরের ক্যারিয়ারে ইতোমধ্যে ১২৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে। ২০১৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার পান।
সূত্র: বিবিসি