জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:৩৩ পিএম
বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ জ্বরে কাবু গোটা ভারত। করোনাভাইরাসের সংক্রমণসহ নানা পরিস্থিতিতে চার বছর পর শাহরুখ খানের ছবি প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে। ভারত ছাড়াও ১০০ টির বেশি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’।
৫৭ বছরের শাহরুখ খান রুপালি পর্দায় যেন এক ‘তরুণ তুর্কি’। অসম্ভব ভেলকি দেখিয়েছেন তিনি। তার চরম শত্রু ও বিরোধীতাকারীরাও ‘পাঠান’ নিয়ে খুব বেশি সমালোচনা করতে ব্যর্থ হচ্ছেন।

হিন্দি ভাষার স্পাই-থ্রিলার চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ভারত থেকে ৫৫ কোটি রুপি আয় করে। মুক্তির দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক বেড়ে দাঁড়ায় ১২৫ কোটিতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আর শাহরুখ খানের ভেলকিতে দর্শক বাজিমাত করা সিনেমাটি মাত্র চারদিনে দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। গত বুধবার মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’।
শাহরুখ খান ও তার ছবির ব্যাপারে ২০ বছর আগে এক অনুষ্ঠানে নেহা ধুপিয়া মন্তব্য করেছিলেন, “…..একমাত্র সেক্স আর শাহরুখ খান বিক্রি হয়’।

সোশ্যাল মিডিয়ায় নেহার সেই পুরোনো মন্তব্যটি শেয়ার করেছিলেন এক নেটিজেন। সেই মন্তব্যকেই রি-টুইট করে নেহা লেখেন, ‘২০ বছর পার হয়ে গিয়েছে, আমার বক্তব্যটা একদম সত্যি তা আজও মিলে যাচ্ছে। এটা কোনও অভিনেতার কেরিয়ার নয়, এটা একজন রাজার সাম্রাজ্য’।
যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিতে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। অন্যদিকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।

বক্স অফিস ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রাথমিক অনুমান অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ শনিবার প্রায় ৫২ কোটি টাকা আয় করেছে। শুক্রবার ছবির কালেকশন সামান্য কমে ছিল (৩৭.৫ কোটি), তবে সপ্তাহান্তে ফের ‘পাঠান’ সুনামি বক্স অফিসে। শনিবার পর্যন্ত ভারতে পাঠানের আয়ের পরিমাণ ২২০ কোটি পার করেছে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুসারে তিন দিনে দেশের বক্স অফিসে পাঠানের গ্রস কালেকশন ছিল ২০১ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির গ্রস আয় ১১২ কোটি টাকা। সবমিলিয়ে ৩১৩ কোটি টাকা। কোথায় গিয়ে থামবে শাহরুখ খানের ‘পাঠান’র বিজয়রথ?