ভালবেসে ঘর বেঁধেছিলেন বলিউডের আলোচিত মুখ রাখি সাওয়ান্ত। ‘ট্রাকচালক’ আদিলের সাথে প্রতারণা আর ভুলেভরা সেই ঘর ভেঙেছে তাঁর। শুধু এই বিয়েই নয়, নানা কারণেই তিনি আলোচিত এক মুখ মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে। নিজেকে খবরের শিরোনামে রাখতেও সিদ্ধহস্ত তিনি। কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে ফের আলোচনা আসেন বলিউডের এই মির্চি গার্ল। এবার শোনা যাচ্ছে, তাঁর বৈচিত্রময় এই জীবন নিয়ে তৈরি হবে সিনেমা।
মাস কয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই দেখা দিয়েছে দাম্পত্যের টানাপোড়েন। স্বামী আদিলও এখন কারাগারে।
দীর্ঘদিনের প্রেমিক আদিল আলি দুরানিকে বিয়ে করেছিলেন রাখি। আদিলের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগও করেছিলেন। গ্রহণ করেছিলন ইসলাম ধর্ম। বিয়েটা টেকেনি। সব মিলিয়ে টালমাটাল এক জীবন পার করছেন। বিতর্কিত এ অভিনেত্রীর জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির পোস্টার। সিনেমাটি বানাবেন তাঁরই ভাই। রাকেশ সাওয়ান্ত।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘সিনেমাটির নাম ‘রাওডি রাখি’। এ চলচ্চিত্রে পুলিশ চরিত্রে দেখা যাবে রাখিকে।’
এ প্রসঙ্গে রাকেশ বলেছেন, ‘আমার দিদির জীবনের প্রতি পদে লড়াই। দিদিও দাঁত চেপে লড়াই জারি রাখে। ওর স্বভাবের সাথে ‘রাওডি’ তকমাটাই যথাযথ। তাই সিনেমার এই নাম।’
রাখির জীবন বড়ই বিচিত্র, আলোচনার সমালোচনার পাশাপাশি আছে দুঃখ-বেদনার গল্প। তবে জীবনের প্রতি ধাপেই সাহসের সাথেই লড়ে যাচ্ছেন রাখি। প্রতারক প্রেমিকদের শায়েস্তা করার পথও দেখিয়েছেন তিনি। মূলতঃ সেটাই এই সিনেমায় তুলে ধরবেন বলে জানিয়েছেন রাকেশ।
প্রসঙ্গত, বর্তমানে রাখির ব্যস্ততা কাজ নিয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে আর ভাবতে চান না তিনি। নিয়েছেন নতুন সিদ্ধান্তও। এখন থেকে ক্যারিয়ারের প্রতিই সম্পূর্ণ মনোযোগ। পাশাপাশি দুবাইতে অভিনয়ের স্কুল খুলতে চান বলেও জানিয়েছেন একাধিক গণমাধ্যমে।