দেশীয় চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত চিত্রনায়ক শরিফুল রাজ। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র 'পরাণ'। স্বল্প সময়ে ছবিটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। তাকে ঘিরে সিনেমা হল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানে হইচই-উচ্ছ্বাস। সিনেমার প্রতিক্রিয়া দেখতে হল পরিদর্শনে ব্যস্ত সময় পার করছে সিনেমার পুরো টিম। এসময় এক ভক্ত তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার পুরান ঢাকার বাবু বাজার ব্রিজসংলগ্ন কেরাণীগঞ্জের ‘লায়ন সিনেমাস’-এ দর্শকের প্রতিক্রিয়া দেখতে যান ‘পরাণ’-এর নির্মাতা রায়হান রাফি, নায়িকা বিদ্যা সিনহা মিম, অভিনেতা শরিফুল রাজ ও ইয়াশ রোহান। তাদেরকে পেয়ে দর্শকের মাঝে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।
শো শেষে তারকারা দর্শকের সঙ্গে কথা বলছিলেন, সেলফিতে পোজ দিচ্ছিলেন। এমন মুহূর্তে ব্যতিক্রম একটি ঘটনা ঘটে। এক ভক্ত ছুটে এসে জড়িয়ে ধরেন শরিফুল রাজকে। কাঁদতে কাঁদতে রাজকে তিনি বলেন, ‘আপনার অভিনয়ে আমি মুগ্ধ’।
দর্শকের এমন আবেগাপ্লুত প্রতিক্রিয়া এর আগে দেখা হয়নি রাজের। তাই তিনি নিজেও আপ্লুত হয়েছেন। বলেছেন, ‘দর্শকদের এমন ভালোবাসায় আমি বিস্মিত। আমার এখনও সব স্বপ্নের মতো মনে হচ্ছে। এই ভালোবাসা সঙ্গী করে আরও ভালো ভালো কাজ করতে চাই। সেই সঙ্গে দোয়া চাই সবার কাছে, যেন আমাকে এমন ভালোবাসায় আজীবন জড়িয়ে রাখেন।’
উল্লেখ্য, ঈদ উপলক্ষে দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পরাণ’। ত্রিকোণ প্রেমের হৃদয়স্পর্শী গল্পে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। তাই মুক্তির পাঁচদিনের মাথায় এর হল বেড়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও বেশ কিছু হলে মুক্তি পাবে।