নোরা ফাতেহি। বলিউড চলচ্চিত্রের শীর্ষস্থানীয় এই আইটেম গার্ল যেনো নিজেই নিজের নাচের শিক্ষক। আর সেই শিক্ষা নিয়েই তিনি পিছনে ফেলে দিয়েছেন তাঁর সব প্রতিযোগীদের। সম্প্রতি ভারতীয় একটি স্যাটেলাইট টেলিভিশনের একটি ডান্স রিয়ালিটি শোয়ে বিচারক হিসাবে দেখা যাচ্ছে তাঁকে। সেখানেই একটি পর্বে নিজের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নোরা।

ভারতের আনন্দবাজারসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রিয়ালিটি শোয়ের মঞ্চে ‘বড়া পচতাওগে’ গানে নোরা ফাতেহির নজর কাড়ে এক প্রতিযোগী। তাঁকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারেননি অভিনেত্রী। চোখ থেকে গালে গড়িয়ে পড়ে অশ্রু।

সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না নোরা। তবে এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি অভিনেত্রী। প্রতিযোগীর নাচ দেখে নিজের অতীতে ফিরে যান নোরা। সেই স্মৃতি রোমন্থন করেই মনখারাপ হয় নোরার।

অভিনেত্রী বলেন, পারফরম্যান্স দেখে চোখে জল চলে এসেছে তাঁর। খুবই ইমোশনাল হয়ে পড়েন তিনি। পাশাপাশি তিনি বলেন, এটা যেন তাঁরই গান। তিনি এটার সঙ্গে খুবই রিলেট করতে পারেন। অতীতে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। যে গান শুনে কেঁদে ফেলেন নোরা, সেই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। তাঁর অতীত জীবনের কথা বলে।

কী ছিল সেই অতীত? অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। প্রেমে প্রতারিত হয়েছিলেন বলিউডের এই নাম্বার ওয়ান এই আইটেম গার্ল। অভিনেতা ও মডেল অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে ছিলেন তখন। বিচ্ছেদের পর মুষড়ে পড়েছিলেন ওই অভিনেত্রী। পড়ে সেই বৃত্তান্ত চাপা পড়ে গিয়েছে তাঁর সক্রিয় কর্মজীবনে। তবে কিছু সুর কিছু স্মৃতি নিয়ে ফিরে ফিরে আসে। রিয়্যালিটি শো-র মঞ্চে তেমনই এক মুহূর্ত হঠাৎ ফিরে এসেছিল, সেই আবেগ গোপন করতে পারেননি নোরা।

প্রসঙ্গত, 'সত্যমেব জয়তে' ছবির দিলবর গানের সেই বেলি ড্যান্সার দিয়ে যাত্রা শুরু নোরার। ওই গান মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এক্কেবারে তুমুল হিট, ইউ টিউবে ভিউজ ছাড়িয়েছিল প্রায় ২১ মিলিয়ন। তবে গ্ল্যামারাস নোরার নাচের দক্ষতার পরিচয় মেলে ২০১৭ সালে, হার্ডি সান্ধুর একটি মিউজিক ভিডিও "নাহ"-এ। লাস্যময়ী নোরার নাচের ছন্দে আজ গোটা বলিউড মুগ্ধ। নিজের কাজ দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন।

একের পর এক ছবিতে অসাধারণ নাচ দেখিয়ে তিনি কাবু করেছেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। যদিও বড় পর্দায় নোরাকে সেইভাবে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। কেবল আইটেম গার্ল হিসেবেই তিনি আপাতত পরিচিত। তবে তাঁর নাচ ছবিতে থাকা মানে সেই ছবি বক্স অফিসে সুপারহিট।

বলিউডে ডান্স আর নোরা যেনো সমার্থক হয়ে দাঁড়িয়েছেন একের পর এক গানে তার ইউনিক স্টাইলের নাচের খ্যাতি শুধু আজ ভারতেই নয়, সীমানা পেরিয়ে বাংলাদেশ, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। নোরা ও নাচের মুদ্রা এপিঠ-ওপিঠে পরিণত হয়েছে। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরার ভক্তের সংখ্যা অগণিত। নাচেই তিনি আনন্দ পান, আর দর্শকদেরও তিনি আনন্দ দিতে ভালবাসেন।

নোরার হাতে এখন একাধিক কাজ। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’।