রেখার এক মিনিটের পারিশ্রমিক ৫ কোটি রুপি!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৭:১১ পিএম

রেখার এক মিনিটের পারিশ্রমিক ৫ কোটি রুপি!

বলিউডের ‘এভারগ্রীন’ অভিনেত্রী রেখা। পর্দায় দক্ষ অভিনয়, রূপের সৌন্দর্য, আকর্ষণীয় ফিগার আর আবেদন দিয়ে বলিউডের চির সবুজ অভিনেত্রীর খেতাব পেয়েছেন তিনি। আশির দশকের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর আবেদন এখনো কমেনি। আর এ কারণেই হয়তোবা একটি টিভি সিরিয়ালের এক মিনিটের প্রোমোর জন্যে পারিশ্রমিক নিয়েছেন পাঁচ কোটি টাকা। তার এই পারিশ্রমিক বর্তমান সময়ে অনেক বলিউড অভিনেত্রীর সিনেমার পারিশ্রমিকের চেয়েও বেশি।  

এর আগে, এস এস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ সিনেমায় মাত্র ১৫ মিনিটের অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছিলেন ৫ কোটি রুপি। ছবিটি আসছে ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে।

ভারতের আনন্দবাজারসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, স্টার প্লাস চ্যানেলের জন্য তৈরি ‘গম হ্যায় কিসিকে পেয়ার মে’ নামের এই ধারাবাহিকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। জনপ্রিয়তার শীর্ষে থাকা সাই যোশী ও বিরাট চৌহানের কাহিনি নিয়ে তৈরি এই সিরিয়ালে এক মিনিটের প্রোমোতে অংশ নিয়েছিলেন সিলসিলা খ্যাত অভিনেত্রী রেখা। সেখানে ট্র্যাডিশনাল ভারতীয় রমণীর পোশাকে দিয়া জ্বালিয়ে সিরিয়ালের ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বছরের পর বছর ধরে রেখার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য বলেউড দর্শকদের মুগ্ধ করেছে। তাই নির্মাতারাও তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে ‘না’ করেননি। তার জন্য আলাদা বাজেট করে রেখেছেন। এছাড়া এই শোয়ের শুরুর সময়েও প্রোমোতে ছিলেন তিনি।

পুরো নাম ভানুরেখা গণেশন। হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখা নামেই বেশি পরিচিত। রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। মাত্র ১৪ বছর বয়সে নাম লেখান অভিনয় জগতে। ১৯৬৬ সালে ‘রাঙ্গোলা রত্নম’ নামের তেলেগু সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু রেখার।

 

১৯৬৯ সালে ‘আনজানা সফর’ সিনেমায় নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন রেখা। শুরুর দিকে তেমন সাফল্য না দেখলেও সত্তরের দশকের মাঝামাঝি সময়ে রেখা অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।  

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দো আনজানে’ সিনেমাতে অভিনয় করে সবার নজরে আসেন রেখা। খুব সহজে এ জুটির রসায়ন দর্শকপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে একে একে ‘সিলসিলা’, ‘মুকাদ্দর কা সিকান্দার’ ‘খুন-পাসিনা’, ‘সুহাগ’, ‘মিস্টার নটবরলাল’সহ ১১টি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন হিন্দি চলচ্চিত্রের এই সুপার-ডুপার হিট জুটি।

বলিউড মহলে এক সময় অমিতাভ-রেখার বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। ‘সিলসিলা’ ছবির পরিচালক যশ চোপড়া অমিতাভ-রেখার প্রেমের খবরটি নিশ্চিত করেছিলেন। ১৯৮০ সালে ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়েতে শাঁখা-সিঁদুর পরে উপস্থিত হয়েছিলেন রেখা। সেখান থেকে বিয়ের গুঞ্জন ভারী হলেও দু’জনে এ বিষয়ে কখনও মুখ খুলেননি। ১৯৮১ সালে অমিতাভ-রেখার সর্বশেষ সিনেমা ‘সিলসিলা’ মুক্তি পায়।  এরপর আর কখনও একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ২০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন রেখা। কাজের স্বীকৃতি স্বরূপ তিনবার ফিল্মফেয়ার পুরস্কার, দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং একবার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এ অভিনেত্রী।

Link copied!