বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। ওই পদে অভিনেত্রী রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ।
গতকাল শনিবার বিকেলে সমিতির কার্যকর পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। সমিতির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইমন সাদিক বলেন, “মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১১ জন উপস্থিত ছিলাম। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে এ ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিলাম, তার সম্মতিক্রমেই কমিটিতে নেওয়া হয়েছে।”
এদিকে কার্যকর পরিষদের সদস্য হিসেবে রোজিনার জায়গায় নিজেকে অন্তর্ভুক্ত করার বিষয়ে রিয়াজ বলেন, “আমি শুনেছি, রোজিনা আপার পদত্যাগের কারণে কার্যকরী পরিষদের একটি সদস্যপদ শূন্য হয়েছিল। ওই পদে আমাকে নেওয়া হয়েছে। যারা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাদের ধন্যবাদ। তবে লিখিত চিঠি এখনো পাইনি আমি। পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো যাবে।’
রিয়াজ আরও বলেন “দেখুন, কমিটিতে না থাকলেও শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে চলচ্চিত্রের উন্নয়নে বিগত দিনেও কাজ করেছি, এখনো করতে চাই। তবে কমিটিতে থেকে আরও ভালোভাবে কাজ করা যায়।”
প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন চিত্রনায়িকা রোজিনা।
তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ ও জায়েদ খানের দ্বন্দ্ব শুরু হলে, সময় দিতে পারবেন না জানিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠান রোজিনা। পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সমিতির দায়িত্বে থাকবেন বলেন জানান তিনি। তবে গতকাল শনিবারের বৈঠকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোজিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হওয়া চিত্রনায়ক রিয়াজ।
শনিবারের শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী সদস্য অঞ্জনা, নাদের খান, অমিত হাসান, কেয়া, জেসমিন।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ। প্রায় দুই মাস শেষ হতে চললেও সাধারণ সম্পাদক পদে কে বসবেন এনিয়ে নিপুন আক্তার ও জায়েদ খানের জটিলতার অবসান ঘটেনি। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বর্তমানে আইনী লড়াই চলছে।