গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ করায় ওই পদে শপত নিয়েছেন অভিনেতা রিয়াজ।
বুধবার নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমে রিয়াজকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ করায় রিয়াজ এই সুযোগ পেলেন। গত ২৬ মার্চ সমিতির সমিতির কার্যকরী পরিষদের বৈঠকে রোজিনার পদে রিয়াজকে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অভিনেতা নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত১০ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেন চিত্রনায়িকা রোজিনা। ব্যক্তিগত নানা ব্যস্ততার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান গণমাধ্যমে।
তবে তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত কি না এমন প্রশ্নে বলেছিলেন, আমি কোনো কিছুতেই প্রভাবিত হয়ে পদত্যাগ করিনি। এটা আগেই বলেছি, শুধুমাত্র ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমার এ সিদ্ধান্ত। রোজিনার পদত্যাগের ফলে তার পদে স্থলাভিষিক্ত হন রিয়াজ।