লম্বা বিরতি নিয়ে দেশে আছেন মিথিলা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২২, ০৩:২৭ পিএম

লম্বা বিরতি নিয়ে দেশে আছেন মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলার দর্শকপ্রিয় মুখ। এপার ওপার দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন। কলকাতার বউ হওয়ার পর থেকেই বছরের দীর্ঘ একটা সময় সেখানেই থাকেন এই অভিনেত্রী। তবে এবার বেশ লম্বা বিরতি নিয়েই দেশে চলে এলেন মিথিলা। কারণ হিসেবে জানা যায় সিনেমার শুটিং-এ অংশ নিতে দেশে আসা।  

মিথিলা জানালেন, সিনেমার শুটিং-এ অংশ নিতে এবং অফিসের কিছু কাজ করতেই তিনি দেশে এসেছেন। মিথিলা এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমার শুটিং করছেন নেত্রকোনার দূর্গাপুরে। এই সিনেমায় তিনি কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন। আবার সিনেমার কাজ শেষে তিনি অফিসের কাজ অর্থাৎ ব্র্যাক’র কিছু কাজ আছে তা শেষ করে আগামী সপ্তাহে এক মাসের জন্য অফিসিয়াল কাজের জন্য চলে যাবেন তানজানিয়া ও ক্যানিয়া। সেখান থেকে এসে পরের মাসে চলে যাবেন আমেরিকা। সেখানে তার অভিনীত রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমাটি বঙ্গ সম্মেলনে প্রদর্শন করা হবে।

তিনি বলেন, ‘আমিতো অনেক আগে থেকেই নিজেকে গ্লোবাল সিটিজেন মনে করি। যে কারণে আমাকে বছরের নির্দিষ্ট একটি সময় অফিসের কাজেই দেশের বাইরে থাকতে হয়। আর এখন যেহেতু আমার সংসার কলকাতায়, তাই কলকাতাতেও অনেক সময় দিতে হয়। যে কারণে বাবা মা ভাই বোনকে আগের মতো করে ঢাকায় নিজের মনের মতো করে সময় দেয়া হয়ে উঠে না। তবে আমার মেয়ে সবসময়ই আমার সঙ্গে থাকে। সে এখন কলকাতাতেই পড়াশুনা করছে।
 
উল্লেখ্য, কয়েকদিন আগেই হইচই-তে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। এতে কাজ করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে টলিউডেও বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Link copied!