লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানাকে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সোহেল রানার স্ত্রী জিনাত বেগম সোহেল রানাকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জিনাত বেগম বলেন, “তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কী যে হয় কিছুই জানি না।”
বেশ কয়েকদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো হলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ২৫ ডিসেম্বর রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
জিনাত বেগম আরও বলেন, “চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। খাওয়াদাওয়া করতে তার কিছুটা কষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন কম। সবাই ওর জন্য দোয়া করবেন।”
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।