কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তির পর বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। শুক্রবার (১৬ জুলাই) রাত ১টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সোমবার (১৯ জুলাই) ডাক্তার জানায়, ফকির আলমগীরের চেস্ট এক্স-রে রিপোর্ট অনুসারে তার ফুসফুসের ৬০ শতাংশ আক্রান্ত হয়েছে।
ফকির আলমগীরের ছেলে মুশফিক আলমগীর রাজিব সাংবাদিকদের জানান, রবিবার থেকে ভেন্টিলেটর ব্যবস্থায় রয়েছেন ফকির আলমগীর। বর্তমানে সংকটাপন্ন অবস্থা তার।
করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ফকির আলমগীর। বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তিনি একাত্তরের কণ্ঠযোদ্ধা হিসেবে পরিচিত।
গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন ফকির আলমগীর। ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তার।