দীর্ঘ চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে মুক্তির ছাড়পত্র পেল আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আপিল বোর্ডের শুনানি শেষে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত সিনেমা 'শনিবার বিকেল' মুক্তির ছাড়পত্র দেওয়া হয়।

শুনানিতে সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা। এরপর সিনেমাটি নিয়ে মতামত দেন, সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাঁধা নেই। আপিল বোর্ডের সদস্য সাংবাদিক শ্যামল দত্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনও সিনেমাটি প্রদর্শিত না হলেও জার্মানির মিউনিখ, রাশিয়ার মস্কো, অস্ট্রেলিয়ার সিডনি, দক্ষিণ কোরিয়ার বুসান, ফ্রান্সের প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।

বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।

প্রসঙ্গত, হলি আর্টিজানে নৃশংসতম সন্ত্রাসী হামলার ঘটনা নিয়েই ভারতে নির্মিত হয়েছে ‘ফারাজ’ সিনেমা। এই ছবিটি আসছে ৩ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে। ফারাজের ট্রেলার রিলিজের পর থেকেই দেশে শুরু হয় উত্তেজনা। বাংলাদেশি সিনেমাপ্রেমিরা ফারুকির পক্ষ নিয়ে প্রতিবাদ করে বিভিন্নভাবে।দেশের ঘটনার সিনেমা দেশে যেন আগে মুক্তি পায় এ দাবী ছিলো সকলের।