নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। মাঝে-মধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। বেশকিছু দিন ধরে নায়িকার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আর এই নায়িকার এবারের ঈদ কেটেছে হাসপাতালের বিছানায়। ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ঈদের আগের দিন অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
অসুস্থতার খবর অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে শাবনূর নিজেই জানিয়েছেন। তিনি জানান, হঠাৎ করে ঠান্ডা লেগে তার গলা বসে গেছে। যার ফলে কথা বলতে অসুবিধা হচ্ছিল। গুরুতর সমস্যা না হওয়ায় একদিন বাদেই বাসায় ফিরেন শাবনূর। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, এবার ঈদ ঘিরে অনেক পরিকল্পনা ছিল৷ তবে তা আর হলো না। ঈদের দিন হাসপাতালেই থাকতে হয়েছে। সেভাবে জটিল সমস্যা না দেখা দেওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা নিচ্ছি৷ ডাক্তার কিছু ঔষধ দিয়েছেন সেগুলো নিয়মিত খেলেই সুস্থ হয়ে যাব আশা করি।
শাবনূর আরো বলেন, অসুস্থতার কারণে কারো সঙ্গেই এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারিনি। ঈদের দিন পরিবারের সবাই মিলে বের হওয়ার কথা ছিল। কিন্তু তা আর সম্ভব হলো না। ঘরবন্দিই কাটছে এবারের ঈদ। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, একমাত্র ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়া থাকছেন শাবনূর। এ অভিনেত্রী আসল নাম কাজী শারমীন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে ‘শাবনূর’ হয়ে উঠেন তিনি। ১৯৯৩ সালে পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমায় অভিনয় করে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর অভিনয় করেছেন দেড় শতাধিকের বেশি সিনেমায়।