শাবনূরের নাম ব্যবহার করে চলছে টাকা আদায়!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ০৪:২৪ পিএম

শাবনূরের নাম ব্যবহার করে চলছে টাকা আদায়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নিয়ে অসংখ্য ফেসবুক একাউন্ট পাওয়া যায়। তারকাদের নাম ব্যবহার করে এসব ফেইক একাউন্ট খোলা হয়। এসব একাউন্টে ফলোয়ার সংখ্যাও থাকে অনেক। যা নিয়ে তারকাদের বিড়ম্বনার অন্ত নেই। তবে এবার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের নাম ব্যবহার করে ফেসবুকে কে বা কারা বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত শাবনূরের কানে বিষয়টি পৌঁছালেই সবাইকে সাবধান করেন নায়িকা।

নিজের আসল ফেসবুক আইডি থেকে শাবনূর লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়!’

ss shabnur

শাবনূর আরও লিখেছেন,  আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

উল্লেখ্য, শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় হয়েছেন খুব বেশিদিন হয়নি। তবে তিনি অ্যাকাউন্ট খুলেই দেখেন তার নামে অ্যাকাউন্ট-পেজে সয়লাব হয়ে আছে ফেসবুক। সেজন্য প্রথম থেকেই বলে আসছিলেন, ভুয়া পেজ-আইডি থেকে সাবধান থাকার জন্য। সবশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি জনপ্রিয় এ নায়িকাকে।

Link copied!