শাহরুখ খান তাঁর ভক্তদের নিরাশ করেন না। সেই প্রমাণ মিলল আবারও। মঙ্গলবার অভিনেতার বাড়ির নিচে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। ঈদে শাহরুখের সিনেমা রিলিজ হয়নি। সেই কারণে অভিনেতাকে একঝলক দেখতে ব্যান্ডস্ট্যান্ডে পৌঁছেছিলেন ফ্যানেরা। তাঁদের নিরাশ করেননি শাহরুখ। চলে এসেছিলেন মন্নতের ছাদে। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছিলেন সকলকে।
ব্যাকগ্রাউন্ডে ফ্যানদের রেখে সেলফিও তোলেন। এরপর সেই ছবি আপলোড করে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা জানান কিং খান। আর এখানেই ঘটে বিপত্তি!
এদিন শুভেচ্ছাবার্তা জানিয়ে ইনস্টাগ্রামে শাহরুখ লেখেন, 'How lovely to meet you all on Eid…. May Allah bless you with love happiness and may the best of your past be the worst of your future. Eid Mubarak'।
শাহরুখের এই পোস্টের বাংলা তর্জমা করলে খানিকটা দাঁড়ায়, 'ঈদে আপনাদের সকলের সঙ্গে দেখা হল। আমার জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত মধুর। প্রার্থনা করি, আল্লাহ আপনাদের সকলকে ভালোবাসায় ভরিয়ে দিক। আপনাদের অতীতের সবচেয়ে ভালো সময় যেন ভবিষ্যতের সবচেয়ে খারাপ সময় হয়ে ওঠে। ঈদ মোবারক!' শাহরুখের শুভেচ্ছার শেষ লাইনেই যত বিপত্তি।
আসলে শেষ লাইনে যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন শাহরুখ, তার মাধুর্য অনেকেই গুলিয়ে ফেলেছেন। তাই কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'অতীতের ভালো সময় ভবিষ্যতে খারাপ কেন হবে?' যদিও শাহরুখের এই পোস্টের অন্তর্নিহিত অর্থটা অনেক গভীর।
বাদশা আদতে বোঝাতে চেয়েছেন, ভবিষ্যতে তার ফ্যানদের সময় এতোটাই ভালো আসুক, যে অতীতের ভালো সময়টাও তার সামনে ফিকে হয়ে যাক।