বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি 'ডানকি'। টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা চলছিলো শাহরুখের ভক্তমহলে। সম্প্রতি নতুন এই ছবির শুটিং শুরু হলেও জানা যাচ্ছে ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিনেমার চিত্রপরিচালক অর্থাৎ ডিওপি অমিত রায়। কিন্তু কেন?
'ডানকি' সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। আর পরিচালনায় আছেন বলিউডের নামকরা নির্মাতা রাজকুমার হিরানি। ইতোমধ্যে প্রথম কিস্তির শুটিংও শেষ হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু এর মধ্যেই ঘটেছে বিপত্তি। কার সঙ্গে সমস্যার কারণে ছবি ছাড়লেন অমিত, তার কারণ জানা যায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে।
ডিওপি অমিত রায় জানান, 'হ্যাঁ, আমি আর ডানকির কাজ করছি না। ১৮-১৯ দিন শুটিং করেছি আমি। সৃষ্টিশীলতা নিয়ে পরিচালক রাজু হিরানি এবং আমার মধ্যে কিছু মতের অমিল রয়েছে। তবে আমরা দুজন শান্তভাবে বসে বন্ধুত্বপূর্ণভাবেই জিনিসটা মিটিয়েছি। আমি আসলে ব্যাপারটাকে রেষারেষির পর্যায়ে নিয়ে যেতে চাইনি।’
অমিত আরও জানান, তিনি পরিচালক হিরানিকে অনেক শ্রদ্ধা করেন এবং এটা খুবই দুঃখজনক যে তারা একমত হতে পারেননি। এর আগে রাজকুমার হিরানির 'সানজু' সিনেমার একটি গান শুট করেছিলেন অমিত রায়।
প্রতিবেদন মোতাবেক অমিতের যাওয়ার পর সি কে মুরালিধরন 'ডানকি' সিনেমার ডিওপির দায়িত্ব নিয়েছেন। তিনি এর আগে হিরানির সঙ্গে 'পিকে', 'থ্রি ইডিয়টস', 'লাগে রাহো মুন্নাভাই' সিনেমায় কাজ করেছেন।