শাহরুখের মান্নাতে দুই ভক্তের অবৈধ কর্ম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২৩, ০৬:১৪ পিএম

শাহরুখের মান্নাতে দুই ভক্তের অবৈধ কর্ম

শাহরুখকে কাছ থেকে দেখার জন্য মান্নাতে ভীড় জমান হাজারো ভক্ত। কিন্তু দুজন মরিয়া ভক্ত করলেন অপকর্ম! বলিউড কিং শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলোতে ঢুকে পড়েছিলেন তারা। মান্নাত প্রাঙ্গণে তাদের দুজনকে আটকায় নিরাপত্তাকর্মীরা।

পরে বান্দ্রা পুলিশের কাছে দুজনকে হস্তান্তর করেন মান্নাতের ব্যবস্থাপক।

দুই তরুণের বিরুদ্ধে মান্নাতে অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

শাহরুখের নিকটজনের সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার মধ্যরাতে ১৯-২০ বছর বয়সী দুই ভক্ত দেওয়াল টপকে মান্নাতে ঢুকে পড়েন। পরে মান্নাতের নিরাপত্তাকর্মী দুজনকে বাংলো প্রাঙ্গণের এক কোণে দেখতে পান এবং আটক করেন।

আটকের পর দুজনই স্বীকার করেছেন, শাহরুখ খানের সঙ্গে সাক্ষাতের জন্য বাড়িতে ঢুকেছিলেন।

মুম্বাই পুলিশ জানায়, শাহরুখকে দেখতে গুজরাট থেকে এসেছেন অভিযুক্ত দুই তরুণ। বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে চুপচাপ বসে ছিলেন তারা। তবে বেশিক্ষণ বসে থাকতে পারেননি। সিসিটিভিতে ধরা পড়েন। প্রিয় নায়ককে এক নজর দেখতে কান্নাকাটিও করেন তারা।

কিন্তু এই ঘটনার সময় মান্নাতে ছিলেন না বলিউড বাদশা শাহরুখ। তিনি জওয়ান সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। পরে বৃহস্পতিবার ভোরের দিকে ফিরে ঘুমিয়ে যান। এ কারণে  এই অন্ধ দুই ভক্তের কর্মকাণ্ড নিয়ে জানার সুযোগ হয়নি তাঁর।

Link copied!