ভারতের তৃণমূল কংগ্রেস নেতা, সাবেক মন্ত্রী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়র ওপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার ভারতের গোয়ায় নির্বাচনী প্রচারের সময় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। এক টুইট বার্তায় এ ঘটনা নিজেই জানিয়েছেন বাবুল সুপ্রিয়।
টুইটবার্তায় তৃণমূল কংগ্রেসের এই নেতা লেখেন, “গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।”

বাবুলের অভিযোগ, তার ওপর হামলা চালানো ওই দুষ্কৃতকারী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। দলটির সঙ্গে বিজেপি ও কংগ্রেসের যোগসাজশ রয়েছে।
টুইটারে বাবুল আরও লেখেন, “কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।”
হামলার ঘটনা নিয়ে একাধিক টুইট করেছেন বাবুল সুপ্রিয়। ওইসব টুইটে বাবুল জানিয়েছেন, হামলা চালানোর পরপরই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ জানাননি।
মানুষের কাছে ভোট চাওয়া প্রতিটি রাজনৈতিক দলের অধিকার উল্লেখ করে টুইটারে বাবুল সুপ্রিয় আরও লেখেন, “আমি একাই ওই দুষ্কৃতকারীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু ততক্ষণে পুলিশ চলে এসেছে।”