আসছে ঈদ উপলক্ষ্যে একটি নাটকের জন্য বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলার সময় কামড় খেয়ে আহত হয়েছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। তবে কামড় মারাত্মক নয় বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

ওই লোকেশন থেকেই গণমাধ্যমকে তমা মির্জা জানান, চ্যানেল আই প্রযোজিত ঈদের বিশেষ নাটক 'নিখোঁজ সংবাদ'র জন্য বানরের খেলা দেখানোর একটি দৃশ্য চলছিল। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাতে কামড়ে দেয়।

শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া এই অভিনেত্রী আরও বলেন, “বানরটি এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক মারলে তারপর ছাড়ছে “ বানরের কামড়ে অনেক ব্যাথা এবং ভয় পান তমা মির্জা। রক্তপাতও হয়। ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা। তাকে বিশ্রাম করতে বলা হয়েছে শুটিং ইউনিট থেকে।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বাগেরহাটে জন্ম নেওয়া এই অভিনেত্রী আরও বলেন, “ডাক্তার বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনও জ্বালাপোড়া ও ব্যাথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধপত্র দিয়েছেন। বানরের কামড় খেয়ে আহত হলেও কিছুক্ষণ পরেই বাকি দৃশ্যের কাজ চালিয়ে যাবেন বলে জানালেন তমা।”

'নিখোঁজ সংবাদ' শীরোনামের এই নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা শ্যামল মাওলা। এদিকে, তমার হাতে রয়েছে একটি ওয়েব ফিল্মের কাজ। রায়হান রাফি পরিচালিত ফিল্মটির নাম ‘জানোয়ার ২’। শিগগিরই এর শুটিং শুরু হবার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।