শুরু হয়েছে অনন্ত-বর্ষার ‘নেত্রী: দ্য লিডার’-র শ্যুটিং

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২১, ০৫:০৬ পিএম

শুরু হয়েছে অনন্ত-বর্ষার ‘নেত্রী: দ্য লিডার’-র শ্যুটিং

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার নতুন চলচ্চিত্র ‘নেত্রী: দ্য লিডার’-এ ভারত ও তুরস্কের দুই পরিচালকের সঙ্গে যৌথভাবে পরিচালনা করবেন অনন্ত নিজেই। আজ মঙ্গলবার সকালে ভারতের হায়দ্রাবাদে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং।

একঝাঁক তারকা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি। একদিকে থাকছেন বাংলাদেশের বিগ বাজেটের সিনেমার অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষা। অপরদিকে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতা কবির দুহান সিং, রবি কিষাণ ও প্রদীপ রাওয়াত। একই সাথে থাকবেন তুরস্কের অন্যতম অভিনেতা এরতুগ্রুল সাকার।

গত ২৭ ফেব্রুয়ারি ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার মহরত আয়োজন করা হয়েছিল। সেদিন জানানো হয়েছিল সিনেমার প্রথম ধাপের শ্যুটিং করা হবে সিলেটে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সিনেমার প্রথম লটের শ্যুটিং দেশে করা হয়নি। তাই ভারতের হায়দ্রাবাদেই সিনেমার প্রথম ধাপের শ্যুটিং শুরু করেছে ‘নেত্রী: দ্য লিডার’-র টিম। অভিনেতা অনন্ত জলিল নিজের ফেসবুকে শ্যুটিংয়ের এক অংশের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুরু হয়েছে "নেত্রী – দ্য লিডার" মুভির শুটিং, মুভির প্রথম ধাপের শুটিং হয়েছে ইন্ডিয়ার হায়দ্রাবাদে।’

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে এই অ্যাকশনধর্মী সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। সিনেমায় মূল চরিত্রে থাকবেন বর্ষা। অর্থাৎ সিনেমায় নেত্রীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী বর্ষা। অনন্ত জলিল অভিনয় করবেন বর্ষার দেহরক্ষীর ভূমিকায়। এছাড়া সিনেমায় দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকে।

Link copied!