টানা একমাস কাজ করার পর শেষ হয়েছে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার শ্যুটিং। অবশেষে সিনেমার নায়িকাকে নিয়ে সামনে এলেন শাকিব খান। শ্যুটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রথমবার একসাথে দেখা মিলেছে শাকিব-দর্শনার। ঢালিউড কিং শাকিব খান সিনেমার শ্যুটিং শুরু করলে তা একটানা করে যান। শ্যুটিংয়ের মাঝে বিরতি নিতে পছন্দ করেন না এই অভিনেতা। কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের বিপরীতে তিনি অভিনয় করেছেন ‘অন্তরাত্মা’ সিনেমায়। নিজের ফেজবুক পেজে একটি ছবি পোস্ট করে সিনেমার শ্যুটিং শেষের কথা জানিয়েছেন তিনি।
৬ মার্চ থেকে পাবনার বিভিন্ন স্থানে টানা এক মাস চলে ওয়াজেদ আলী সুমন পরিচালিত আলোচিত ছবিটির কাজ। ৩ মাস পর শুটিংয়ে ফিরে, টানা ১ মাস কাজ করে ফের ঘরে ফিরেছেন শাকিব খান। তিনি ঢাকায় ফিরেছেন ৫ এপ্রিল। পাবনা থেকে ঢাকায় নেমেই শাকিব খান গ্রহণ করেন করোনাভাইরাসের টিকা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা সক্রিয় থাকেন তিনি। আজ বৃহস্পতিবার তিনি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দর্শনা বণিককে সামনে বসিয়ে সাইকেল চালাচ্ছেন সাকিব খান। ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ হলো অন্তরাত্মার শ্যুটিং’।
শ্যুটিং শেষ করে বর্তমানে ঘরবন্দী আছেন এই ঢালিউড অভিনেতা। শিডিউল অনুযায়ী তরুণ নির্মাতা তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটির টানা শুটিংয়ের প্রস্তুতি ছিল ৭ এপ্রিল থেকে। তবে সেটি আর হচ্ছে না দুটি কারণে। একদিকে লকডাউন, আরেকদিকে নির্মাতা তপু খানের শাশুড়ির মৃত্যু। তাই সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন ৭ এপ্রিল থেকে শুটিংয়ের শিডিউল স্থগিতের।