শেষ হয়েছে নুসরাতের ‘ভয়’ সিনেমার কাজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৪:৩৫ পিএম

শেষ হয়েছে নুসরাতের ‘ভয়’ সিনেমার কাজ

ঢাকাই কুইন খ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয় করেছেন কলকাতার ‘ভয়’ সিনেমায়। ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। ইকো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন রাজা চন্দ। সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। খবরটি অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

২০১৯ সালে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। করোনার কারণে আটকে ছিল কাজ। অনেকের ধারণা ছিল, সিনেমাটি থেকে সরে দাঁড়াতে পারেন। কিন্তু সেসব ধারণা ভুল প্রমাণ করেছেন অভিনেত্রী নিজেই।

গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে সিনেমার শুটিং। অংশ নিয়েছেন অঙ্কুশ-ফারিয়া। টানা শুটিং করে শেষ হয়েছে সিনেমা কাজ। নিজের পোস্টে ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন নুসরাত ফারিয়া। লিখেছেন, ‘ভয়’ সিনেমার কাজ শেষ হয়েছে। শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।

কলকাতা থেকে এই অভিনেত্রী জানান, ‘ফাইনালি তিন বছর পর সিনেমার কাজ শেষ করতে পেরেছি। বেশ ভালো লাগছে। তবে ডাবিং বাকি আছে, সেটি আগামী মাসে শুরু হবে। এর একটি গানের কাজ হতে পারে।’

উল্লেখ্য, ‘ভয়’ সিনেমায় সাঁতারের প্রশিক্ষক হিসেবে দেখা যাবে অঙ্কুশকে। আর নুসরাত ফারিয়া অভিনয় করেছেন স্কুল শিক্ষিকার চরিত্রে। অঙ্কুশ-ফারিয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

Link copied!