শ্রমিকরাই সত্যিকারের নায়ক: শাকিব খান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২১, ০৪:৫৩ পিএম

শ্রমিকরাই সত্যিকারের নায়ক: শাকিব খান

আজ (১ মে) আন্তর্জাতিক  শ্রমিক দিবস। নানা আয়োজনে ও কর্মসুচির মধ্য দিয়ে বিশ্বের শ্রমজীবী মানুষেরা এই দিনটি পালন করে থাকেন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, কবিতা আবৃতি ইত্যাদি। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে  স্ট্যাটাস দিয়ে দিনটিকে স্মরণ করেন।

এক্ষেত্রে রুপালি জগতের তারকারাও  ব্যতিক্রম নন। বলিউড ও ঢালিউডের অনেক তারকাও দিনটির স্মরণে ফেসবুককে  বেছে নিয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটিকে স্মরণ করছেন। 

‘জয় হোক মেহনতি মানুষের’ এমন স্লোগানে বিশ্বের শ্রমজীবী মানুষের কথা বলেছেন দেশের জনপ্রিয় অভিনেতা  শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে শ্রমজীবি মানুষের প্রতি নিজের মতামত তুলে ধরেছেন দেশের এই শীর্ষ নায়ক।

পোস্টে শাকিব লিখেছেন, ‘শ্রমিক শ্রেণিকে মর্যাদা আর সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আমাদের। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমেই ভালো থাকি আমরা; ভালো থাকে দেশ। তারাই আমাদের সত্যিকারের নায়ক।

পোস্টে আরও তিনি লিখেন, ‘শ্রমিকদের ভালো রাখতে, তাদের ন্যায্য শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।’

এদিকে, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় দেশের জনগণকে টিকা নিতে উৎসাহ দিতে বিশেষ প্রচারণায় নেমেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে গত শুক্রবার ওই সংস্থার ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Link copied!