বাহুবলি সিনেমা দিয়ে বিশেষ খ্যাতি পেয়েছেন তেলেগুর জনপ্রিয় অভিনেতা প্রভাস। সিনেমা জগতে ‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তিনি। জনপ্রিয় এই অভিনেতা আবারও জুটি বেঁধেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের সাথে। ছবির নাম ‘সালার’।
এই বছরই জানুয়ারিতে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অভিনেত্রী শ্রুতির জন্মদিনে ভক্তদের চমক দিয়ে জানিয়েছিলেন আবারো এই জুটি একসঙ্গে বড় পর্দায় আসছে। কিন্তু তখন জানানো হয়নি সিনেমাটি মুক্তির সময়।

প্রভাস-শ্রুতির অভিনীত ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। অবশেষে গতকাল ২৮ ফেব্রুয়ারি সিনেমা মুক্তির দিন ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বলে ফিল্মস।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘সালার’ সিনেমায় প্রভাসের নতুন একটি পোস্টার পোস্ট করেছেন নির্মাতারা। পাশাপাশি জানিয়েছেন, বিশ্বব্যাপী ২০২২ সালের ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। পুরো ভারত জুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ‘সালার’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পাবে।

ইতোমধ্যে সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে। বর্তমানে বিরতিতে সিনেমার টিম। খুব শিগগির পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে বলে জানা গেছে। নির্মাতা প্রশান্ত নীল জানিয়েছেন, ‘এ ছবিতে প্রভাসকে সম্পূর্ণ ভিন্নরুপে দেখা যাবে। এমন চরিত্রে সে আর অভিনয় করেনি।’
এছাড়া অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় ভিলেন চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তি নিয়ে ব্যস্থ আছেন প্রশান্ত নীল। এদিকে প্রভাস কাজ করছেন নির্মাতা রাধা কৃষ্ণ কুমারের রোমান্টিক ‘রাধে শাম’ সিনেমায়। দু’জনের কাজ শেষ হলেই শুরু হবে ‘সালার’ এর শুটিং।