চারদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে গায়ক ইলিয়াসের বিচার চেয়ে কাঁদলেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা।
সংবাদ সম্মেলনে সুবাহ বলেন, “ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে। আমাকে মারধর করতো। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি।”
তিনি আরও বলেন, “ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে।”
সুবাহ বলেন, “আগে আমি এসব কিছুর বিচার চাই। এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা হামলার হুমকি দিচ্ছে।”
গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন। বিচ্ছেদের পথে হাঁটছেন ইলিয়াস।
সে সময় সুবাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। তাই শিগগিরই আমি সংবাদ সম্মেলন করে ওর (ইলিয়াস) মুখোশ খুলে দেব। মিথ্যা বলার একটা সীমা থাকে, আমি সব প্রমাণ নিয়েই হাজির হব।
নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।
অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।