সত্যের জয় হয়েছে, এই জয় সব শিল্পীদের: নিপুণ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৯:১৭ পিএম

সত্যের জয় হয়েছে, এই জয় সব শিল্পীদের: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট ঝামেলার অবসান হয়েছে।  চিত্রনায়ক জায়েদ খান এবং অভিনেত্রী  নিপুণ আক্তারের মধ্যকার পদ নিয়ে এই মত বিরোধ ছিল ‘টক অব দ্যা কান্ট্রি’। এই পদ নিয়ে ছিল দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা সমালোচনা।

সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা আপিল বোর্ডের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, সর্বোচ্চ আদালত আপিল বিভাগের এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন দুই আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন দুই আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান।

বিষয়টি নিয়ে সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘আজকের আদালতের রায়ে সত্যতা নিশ্চিত হয়েছে। সত্যের জয় হয়েছে। আজ আনন্দে চোখের পাতা ভিজে যাচ্ছে বারবার। এই রায়, এই জয়  সব শিল্পীদের। আমরা সমিতিকে আরও অনেক ভালো কাজ দিয়ে এগিয়ে নিয়ে যাব।’

এ সময় অন্যদের মধ্যে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে আরও ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, আরমান, জেসমিন, ডিএ তায়েবসহ অনেকেই।

 

প্রসঙ্গত, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তখন জায়েদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন নিপুণ।

Link copied!